দীর্ঘ দেড় বছর পর অপহৃত সন্তানকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মাগুরার কৃষক বাদশা শেখ ও তার পরিবার। বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা আর্মি ক্যাম্পের তৎপরতায় ফিরে পাওয়া এই সন্তান আরশাদুল একজন বুদ্ধিপ্রতিবন্ধী তরুণ।
আরশাদুল মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বড়ুরিয়া গ্রামের বাসিন্দা। গত বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থতার সুযোগ নিয়ে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের লিটন শেখ তাকে বাড়ি থেকে অপহরণ করে ফরিদপুরে নিয়ে যায়। সেখানে আরশাদকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়ে এক মৎস্য খামারে চাকরি করায় লিটন। সেই চাকরির বেতনও নিজে ভোগ করে সে।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি, লিটন শেখ আবার আরশাদকে মাগুরায় ফিরিয়ে এনে এক পোল্ট্রি ফার্মে কাজ দেয়। এরপর মাগুরায় কেউ একজন আরশাদকে চিনে ফেলায় বিষয়টি তার বাবা-মায়ের কানে যায়। সন্তানকে খুঁজে পেতে তারা আশ্রয় নেন মাগুরা সেনা ক্যাম্পে।
সেনাবাহিনীর সদস্যরা ঘটনার গুরুত্ব অনুধাবন করে তৎপরতা শুরু করেন। অবশেষে, ০৪ ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলার কাদিরপাড়া এলাকা থেকে আরশাদকে উদ্ধার করে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।
সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাদশা শেখ ও তার স্ত্রী আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মাগুরা সেনা ক্যাম্পের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
পারিবারিকভাবে হতদরিদ্র হওয়ায়, সেনাবাহিনীর পক্ষ থেকে বাদশা শেখের পরিবারকে আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে মাগুরা অঞ্চলে সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও শ্রদ্ধা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।