মাগুরার আলোচিত শিশু আছিয়ার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে বাছুরসহ দুটি গাভি ও একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা পৌঁছে দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। এ সময় জেলা জামায়াতের আমির এমবি বাকের, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর নেতারা জানান, আছিয়ার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরিবারের আর্থিক দুরবস্থা চরমে পৌঁছায়। এ অবস্থায় দলটির পক্ষ থেকে একটি গোয়ালঘর ও দুটি গরু উপহার দিয়ে পরিবারটিকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে, শিশু আছিয়ার মৃত্যুর পর সরাসরি তার পরিবারের বাড়িতে গিয়ে সান্ত্বনা জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেদিন তিনি আছিয়ার মাকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দেন।
স্থানীয়রা বলছেন, জামায়াতের এই সহায়তা আছিয়ার পরিবারে নতুন আশার আলো জেলেছে।
জানা যায়, গত ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে নিজ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া। পরবর্তীতে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন পর ১৩ মার্চ সেখানেই মৃত্যুবরণ করে শিশুটি।
এ ঘটনায় আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা থানায় মামলা দায়ের করলে, পুলিশ ১৩ এপ্রিল প্রধান আসামী হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড ও অপর তিনজনকে খালাস প্রদান করেন।
শিশু আছিয়ার স্মৃতি এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ জামায়াতে ইসলামীর একটি মানবিক পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।