মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর ১০৬ তম জন্মবার্ষিকী মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন সোমবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে কবির বাড়ির সংলগ্ন স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এরপর স্মরণসভা, কবিতা পাঠ, কবির স্মৃতি চারণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল, ইসলামিক ফাউন্ডেশন মাগুরা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা শিল্পকলার কর্মকর্তা মোঃ জসিমউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, সৈয়দ ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪) একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। তিনি ‘মুসলিম রেনেসাঁর কবি’ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তার কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। ফররুখ আহমদের জন্ম ১৯১৮ সালের ১০ জুন (তৎকালীন যশোর জেলার অন্তর্গত) মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের সৈয়দ বংশে।
ফররুখ আহমদ খুলনা জিলা স্কুল থেকে ১৯৩৭ সালে ম্যাট্রিক এবং কলকাতার রিপন কলেজ থেকে ১৯৩৯ সালে আইএ পাস করেন। এরপর স্কটিশ চার্চ কলেজে দর্শন এবং ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন। ছাত্রাবস্থায় তিনি বামপন্থি রাজনীতিতে ঝুঁকে পড়েন।
ফররুখ আহমদের কর্মজীবন শুরু হয় কলকাতায়। তবে দেশ বিভাগের পর ১৯৪৮ সালে ফররুখ আহমদ কলকাতা থেকে ঢাকায় চলে এসে ঢাকা বেতারে যোগ দেন। তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলার সমর্থন করেছিলেন।
তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো- সাত সাগরের মাঝি (১৯৪৪), সিরাজাম মুনীরা (১৯৫২), নৌফেল ও হাতেম (১৯৬১), মুহূর্তের কবিতা (১৯৬৩), ধোলাই কাব্য (১৯৬৩), হাতেম তায়ী (১৯৬৬), নতুন লেখা (১৯৬৯), কাফেলা (১৯৮০), সিন্দাবাদ (১৯৮৩), দিলরুবা (১৯৯৪), পাখির বাসা (১৯৬৫), চাঁদের আসর (১৯৭০) প্রভৃতি।
১৯৬০ সালে ফররুখ আহমদ বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৬৫ সনে প্রেসিডেন্ট পদক প্রাইড অব পারফরমেন্স এবং ১৯৬৬ সালে পান আদমজী সাহিত্য পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার। ১৯৭৭ ও ১৯৮০ সালে তাকে যথাক্রমে মরণোত্তর একুশে পদক ও স্বাধীনতা পদক দেওয়া হয়। ফররুখ আহমদ ১৯৭৪ সালের ১৯ অক্টোবর মৃত্যুবরণ করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।