বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থী নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর নির্বাচনী এলাকার তৃণমূল নেতাকর্মীরা। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ অভিযোগপত্র জমা দেন তারা।
জানা যায়, মাগুরা-২ আসনের অন্তর্গত মোহাম্মদপুর ও শালিখা উপজেলার ১৭১টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫০১ জন নেতাকর্মী অভিযোগপত্রে স্বাক্ষর করেন। ওই অভিযোগে নিতাই রায় চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন না দেওয়ার দাবি জানান তারা।
অভিযোগে তৃণমূল নেতারা উল্লেখ করেন, স্বৈরশাসক এরশাদের জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেওয়া নিতাই রায় চৌধুরী গত তিনটি জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেও একবারও বিজয়ী হতে পারেননি। তারা অভিযোগ করেন, তিনি শুধুমাত্র নির্বাচন এলেই এলাকায় আসেন এবং বিগত ফ্যাসিবাদী সরকারের সময় এলাকার নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এমনকি আইনজীবী হয়েও নেতাকর্মীদের কোনো আইনি সহায়তা দেননি তিনি।
তাদের দাবি, এলাকায় জনবিচ্ছিন্ন হওয়ার কারণে নিতাই রায় চৌধুরীর পরিবর্তে অন্য যেকোনো শক্তিশালী প্রার্থীকে মনোনয়ন দিলে বিজয় নিশ্চিত হবে বলে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের বিশ্বাস।
শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন টুকু বলেন, “নিতাই রায় চৌধুরী বিগত তিনটি নির্বাচনে পরাজিত হয়েছেন। এবারের নির্বাচনে তার অবস্থান আরও দুর্বল।”
মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু বলেন, “জনবিচ্ছিন্ন এ নেতাকে মনোনয়ন দিলে আসনটি হারানোর ঝুঁকি রয়েছে।”
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।