মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে চলমান মেরামতকাজে নিরাপত্তাব্যবস্থা না থাকা এবং সড়কে ছড়িয়ে রাখা পাথর যথাসময়ে সমান না করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এরই মধ্যে সড়কে পড়ে থাকা পাথর যানবাহনের চাকায় ছিটকে এসে চোখে আঘাত করায় একটি চোখ হারিয়েছেন কামরুল হাসান নামে এক ইজিবাইক মেকার। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ক্ষতিগ্রস্ত চোখটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।
কামরুল মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া এলাকার বাসিন্দা। গত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইটখোলা পলিটেকনিক কলেজের সামনে নিজের দোকানে বসে ইজিবাইক মেরামত করছিলেন তিনি। এ সময় মহাসড়কে পড়ে থাকা পাথর যানবাহনের চাকার আঘাতে ছিটকে এসে তাঁর বাম চোখে লাগে। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় প্রথমে ৯ নভেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের মধুখালীর মালেকা চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাঁকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
১১ নভেম্বর সেখানে ভর্তি করার পর ০৪ দিন চিকিৎসা দেওয়া হয় কামরুলকে। এ সময় চিকিৎসকেরা জানান, তাঁর ক্ষতিগ্রস্ত চোখটি আর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। ভবিষ্যতে প্রয়োজন হলে চোখ প্রতিস্থাপনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কামরুলের পরিবারে নেমে এসেছে চরম হতাশা। পরিবারের অভিযোগ, সড়ক মেরামতের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, সড়কে ছড়িয়ে থাকা পাথর যথাসময়ে সমান করে দেওয়া এবং কাজের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা থাকলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কামরুলের বোন ফারজানা। ১৪ নভেম্বর সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার জন্য সংশ্লিষ্টদের দায়ী করেন। একই সঙ্গে সরকারেরও দায় এড়ানোর সুযোগ নেই বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, সড়কে উন্নয়নকাজ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
চোখে খোয়া লাগার কারণে ভেতরে ময়লা জমে সংক্রমণ (ইনফেকশন) ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের আশঙ্কা, এই সংক্রমণের কারণে পাশের চোখটিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ অবস্থায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ ই নভেম্বর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসকরা সাত দিন পর আবার হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন। এর মধ্যে সংক্রমণ না কমলে আক্রান্ত চোখটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তায় নির্মাণের সময় রাস্তার উপরে আগলা পাথর এর আঘাতে অনেকেই আহত হয়েছে এর মধ্যে পৌরসভার হাওড় এলাকার রাজ্জাকের গ্যারেজের একজন ইজিবাইক চালকের দুটি দাঁত ভেঙে গেছে । মহাসড়কে মেরামতকাজ চললেও পাথর যথাযথভাবে ছড়িয়ে সমান করা হচ্ছে না। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক ও ছোট যানবাহনের চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সড়কের পাশে দোকানপাট ও বসতবাড়ি থাকায় যানবাহনের চাকার আঘাতে ছিটকে আসা পাথরে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের আহত হওয়ার আশঙ্কাও রয়েছে।
সড়ক মেরামতের উদ্দেশ্য মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করা। অথচ সেই মেরামতকাজের অব্যবস্থাপনার অভিযোগের মধ্যেই একজন মানুষকে একটি চোখ হারানোর মতো ভয়াবহ পরিণতির মুখে পড়তে হয়েছে। এখন কামরুলের উন্নত চিকিৎসার ব্যবস্থা, ক্ষতিপূরণ এবং মহাসড়কে চলমান মেরামতকাজে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ বলেন, কাজের ধরন ও ডিজাইন ঠিক রয়েছে। এ পদ্ধতিতে প্রথমে সড়কের ওপর ২০ মিলিমিটার পাথর এবং পরে ১২ মিলিমিটার ডাউন পাথর প্রয়োগ করা হয়। এরপর পাথরগুলো যথাযথভাবে সেট হতে কিছুটা সময় লাগে।
তিনি বলেন, এটি মূলত ‘চিপস অ্যান্ড সিল’ পদ্ধতির একটি স্বল্পব্যয়ের সমাধান। আমরা শুরুতে ওভারলে পদ্ধতিতে কাজ করার চেষ্টা করেছিলাম। তবে সময়ের স্বল্পতা এবং ঠিকাদার-সংক্রান্ত কিছু জটিলতার কারণে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রেজাউল আলমকে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।