মাগুরায় আসন্ন “মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫” ও “জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫” আয়োজন উপলক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ আয়োজন হয়। জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে শহরের নোমানী ময়দানে আট দলীয় প্রথম বিভাগ কাবাডি লীগ অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতায় নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লীগ, যেখানে অংশ নেবে জেলার ১৬টি ক্লাব।
অনুষ্ঠানে বক্তব্য দেন কাবাডি লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আশিক রহমান, ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম ও সদ্য যোগদান করা জেলা ক্রীড়া কর্মকর্তা বি.এম. সাজিন ইসরাত।
সভায় জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, “গত বছর এডহক কমিটি গঠনের পর থেকেই নানান আয়োজন করে আসছে জেলা ক্রীড়া সংস্থা। এরই ধারাবাহিকতায় এবার জাতীয় খেলা কাবাডি ও জনপ্রিয় ক্রিকেট লীগ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো সফলভাবে আয়োজন করতে পারলে ভবিষ্যতে অন্যান্য খেলাও নিয়মিতভাবে আয়োজন করা হবে।”
তিনি আরও বলেন, মাগুরার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জেলা ক্রীড়া সংস্থার এসব আয়োজনে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।
এসময় কাবাডি ও ক্রিকেট লীগের জন্য দুটি পৃথক লোগো উন্মোচন করা হয়। উপস্থিত সাংবাদিকরা ক্রীড়ার উন্নয়ন বিষয়ে নানা মতামত ও পরামর্শ দেন।
‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।