মাগুরায় স্কুল ও মাদ্রাসার শিশুদের কাছে নিম্নমানের ও অননুমোদিত খাবার সরবরাহ এবং বিক্রয়ের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে স্কুল-কলেজ এলাকার মুদিদোকান ও শিশুখাদ্য সরবরাহকারী যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযোগ ছিল, এসব দোকান ও সরবরাহকারীরা কোমলমতি শিক্ষার্থীদের কাছে নিম্নমানের, নকল ও অননুমোদিত খাদ্যপণ্য বিক্রি করছে।
অভিযানে বড়রিয়া এলাকার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের একটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ অননুমোদিত ও নকল শিশুখাদ্য পাওয়া যায়। শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য সরবরাহের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিনোদপুর এলাকার মেসার্স রাজ ট্রেডার্স-এর গাড়িতেও একই ধরনের নিম্নমানের শিশুখাদ্য পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
স্কুল-কলেজ এলাকার দোকান তদারকির সময় মেসার্স জাফর স্টোরে নিম্নমানের শিশুখাদ্য বিক্রির প্রমাণ পাওয়ায় দোকানটিকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সকল প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান শেষে অন্যান্য মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানেও তদারকি চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন অফিসের মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।