আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খানকে বুধবার (৫ নভেম্বর) গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
সকাল থেকে কামারখালী ব্রিজ এলাকায় জড়ো হতে থাকেন হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ। মনোয়ার হোসেন খান সেখানে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও ধানের শীষের স্লোগানে তাকে বরণ করে নেয় জনতা। কামারখালী ব্রিজ থেকে মাগুরা শহর পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে ছিল মানুষের ঢল ও উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় ওয়াপদা মোড়ে আয়োজিত সমাবেশে সংবর্ধিত প্রার্থী মনোয়ার হোসেন খান বলেন,
“মাগুরার মানুষ আজ যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল— এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা।”
তিনি আরও বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে আমি সর্বদা কাজ করে যাব।”
সমাবেশে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিগত সরকারের অব্যবস্থাপনা, মূল্যস্ফীতি ও দুঃশাসনে অতিষ্ঠ জনগণ এখন পরিবর্তন চায়। তারা আশা প্রকাশ করেন, মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মাগুরা বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে বিজয় অর্জন করবে।
অভ্যর্থনা শেষে বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর বিএনপির এমন গণজোয়ার মাগুরার রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।