প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৮:৩১ পি.এম
মাগুরায় ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার ০৩
গত ০৬ ডিসেম্বর গভীর রাতে মাগুরা জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে সংঘটিত নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনায় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশে জেলা পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ডিজিটাল তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল চারটায় মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, তদন্তের ধারাবাহিকতায় সদর থানা পুলিশ ও জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ অভিযানে ভোরে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামের ইমরান শেখের দুই ছেলে রবিন শেখ (১৯) ও রায়হান শেখ (২৩), এবং একই এলাকার শাহিস হাসানের ছেলে হাসিবুল (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।
Copyright © 2026 দৈনিক আজকের মাগুরা. All rights reserved.