প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৪:০৯ পি.এম
মাগুরায় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী কুটি মিয়া আটক
মাগুরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নির্বাচনী এলাকায় ফেরার পথে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য কথা বলেন কুটি মিয়া।
এরপর নিজ নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তবে কী অভিযোগে বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়ার একান্ত সহকারী মিটুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে নতুন বাজারের কাছে আসলে ডিবির একটি টিম আমাদের গাড়ির গতিরোধ করে পুলিশ সুপারের সাথে স্বতন্ত্র প্রার্থীর আলোচনা আছে বলে তাদের গাড়িতে তুলে নিয়ে পুলিশ সুপারের অফিসে নিয়ে যায়। তবে কি কারনে তুলে নেয়া হয়েছে এটা আমি জানিনা।
এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাগুলোর তদন্ত প্রাপ্ত আসামী আমরা তাকে অনেকদিন ধরে খুজতেছিলাম তবে তিনি স্বতন্ত্র প্রার্থী কিনা এটা আমাদের জানা নাই।
উল্লেখ্য, কতুবুল্লাহ হোসেন কুটি মিয়া শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।
Copyright © 2026 দৈনিক আজকের মাগুরা. All rights reserved.