মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসাম (৪৫) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে তাকে মাগুরা সদর আমলি আদালতে হাজির করা হলে ভারপ্রাপ্ত সিনিয়র ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মাগুরা সদর থানায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত ৪০ নম্বর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে স্থানীয় রেলস্টেশন এলাকা থেকে হিসামকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে তালাবদ্ধ একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে তাকে মাগুরা জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
রিমান্ড শুনানিতে মাগুরা জেলা পুলিশ সাত দিনের আবেদন করলেও আদালত তিন দিন মঞ্জুর করেন। শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এসকেন্দার আজম বাবলু, শফিকুল ইসলাম বাবলুসহ আরও অনেকে।
নিরাপত্তাজনিত কারণে ভোরে তাকে আদালত প্রাঙ্গণে আনা হয়। শুনানি শেষে আবার জেলা কারাগারে ফেরত পাঠানো হয়। এসময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।