মাগুরার শালিখা উপজেলায় আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত “কৃষি বিজ্ঞানী ড. মো. আলী আফজাল ফুটবল টুর্নামেন্ট”। স্থানীয় ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, এ আয়োজন শালিখার খেলাধুলার সংস্কৃতিকে আরও এগিয়ে নেবে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান কৃষি বিজ্ঞানী ড. মো. আলী আফজাল। আয়োজক সূত্র জানিয়েছে, শালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গঠিত দলগুলো অংশ নেবে এ টুর্নামেন্টে। প্রতিদিন বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হবে খেলাগুলো।
আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। একই সঙ্গে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশেরও সুযোগ তৈরি হবে
। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কৃত করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও ক্রীড়াপ্রেমীরা আয়োজন সফল করতে নানা সহযোগিতা করছেন।
শালিখায় খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বরাবরই প্রবল। এ কারণে টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, দর্শকদের জন্য মাঠে নিরাপত্তা ও বিনোদনের সব ধরনের ব্যবস্থা রাখা হবে।
ক্রীড়ানুরাগীরা আশা করছেন, এই টুর্নামেন্ট তরুণদের আরও সম্পৃক্ত করবে খেলাধুলায় এবং আগামী দিনে বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পথ সুগম করবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।