জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলার শ্রীকোল বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফার্মেসি, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি করা হয়।
অভিযানের সময় মেসার্স বিশ্বাস ড্রাগ হাউজ নামক একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ পাওয়া যায়। তদারকিতে দেখা যায়, ওই ফার্মেসি কর্তৃপক্ষ কমার্শিয়াল প্যাকেটের মধ্যে ফিজিশিয়ান স্যাম্পল লুকিয়ে বিক্রয় করছিল এবং একই প্যাকেটে ২০২৭ সালের মেয়াদ সম্পন্ন ঔষধের সঙ্গে ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ ঔষধও সংমিশ্রণ করছিল।
এ ধরনের গুরুতর অপরাধের জন্য প্রতিষ্ঠানটির মালিক মো. দীপক বিশ্বাস-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারা অনুযায়ী ২০,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের দোকানেও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। বাজারে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ায় সে ব্যাপারেও সতর্ক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক জনাব সজল আহমেদ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।