শপথ গ্রহণের পরপরই জনগণের সেবা নিশ্চিত করতে মাঠে নেমেছেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এমপি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সরেজমিন ধারণা লাভ করেন। এ সময় উপস্থিত রোগীরা চিকিৎসাসেবায় অবহেলা, বিভিন্ন অনিয়ম এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতির অভিযোগ তুলে ধরেন।
এমপি মনোয়ার হোসেন খান হাসপাতালের পাশাপাশি মেডিকেল কলেজের কার্যক্রমও পরিদর্শন করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাসপাতালে জনবল সংকট প্রকট এবং অনেক রোগী যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। হাসপাতালের পরিবেশ উন্নয়ন জরুরি উল্লেখ করে তিনি জানান, চারদিকে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, হাসপাতালে ওষুধের তেমন কোনো ঘাটতি নেই। তবে একই স্থানে মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের কার্যক্রম পরিচালিত হওয়ায় সমন্বয়হীনতা সৃষ্টি হচ্ছে, যার ফলে রোগীরা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
নবনির্বাচিত এমপি বলেন, নির্বাচনের আগে মাগুরাবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উন্নয়ন তার প্রথম অগ্রাধিকার। পাশাপাশি তিনি মাগুরা জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে “জিরো টলারেন্স” নীতির ঘোষণা দেন।
সামাজিক সম্প্রীতি রক্ষার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো ধরনের হামলা বা সহিংসতার ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।