মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছেন মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আবু বকর। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজের পাঁচ নম্বর ভবনের পাশ থেকে নিজের উদ্যোগে বস্তুটি উদ্ধার করে বালুভর্তি বালতিতে রাখেন তিনি। তাঁর এ সাহসিকতায় উপস্থিত সাংবাদিক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে।
কলেজের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকালে পাঁচ নম্বর ভবনের পাশে একটি মিষ্টির প্যাকেট দেখতে পান তাঁরা। প্যাকেটের ভেতরে লাল টেপ দিয়ে মোড়ানো ব্যাটারি ও স্প্রিংযুক্ত সন্দেহজনক একটি বস্তু ছিল। দেখতে বোমার মতো মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন তাঁরা।
খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বস্তুটি উদ্ধারে বোমা নিষ্ক্রিয়করণ দলের অপেক্ষা চলছিল। তবে এর মধ্যেই মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আবু বকর নিজেই সাহসিকতার সঙ্গে বস্তুটি উদ্ধার করে বালুভর্তি বালতিতে রাখেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন।
তাঁর এ উদ্যোগে উপস্থিত সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশংসা করেন। বিশেষ করে কলেজের শিক্ষার্থীদের মধ্যে তাঁর সাহসিকতা নিয়ে আলোচনা হয়।
মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আবু বকর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মিষ্টির প্যাকেটের ভেতরে থাকা লাল টেপ দিয়ে মোড়ানো ব্যাটারি ও স্প্রিংযুক্ত বোমাসদৃশ বস্তুটি তিনি নিজেই উদ্ধার করেন। কে বা কারা বস্তুটি সেখানে রেখে গেছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।