1. admin@samokalbarta.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা মাগুরার শ্রীপুরে সংঘর্ষের নেপথ্যে দুই ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ সাবেক উপজেলা চেয়ারম্যানের মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করার চেষ্টায় সাংবাদিকের ওপর হামলা মাগুরায় মাদক উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি মাগুরায় গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার শুভ জন্মদিন, সুমাইয়া

বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট এম এ রশিদ। তাকে বহিষ্কারের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তদন্ত সাপেক্ষে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে দেওয়া এক বক্তব্যে তিনি এ প্রতিবাদ জানান।

অ্যাডভোকেট এম এ রশিদ বলেন, ২০১৫ সালে মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ারকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি তৎকালীন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনের জামিনে সহযোগিতা করার অভিযোগে তাকে বহিষ্কার দেখানো হয়েছে।অথচ ওই মামলাটি তিনি নিজেই বাদীপক্ষের আইনজীবী হিসেবে আদালতে দায়ের করেছিলেন এবং এখনো বাদীপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে ওই মামলায় আসামিদের জামিনে সহযোগিতা করার কোনো সুযোগ বা সংশ্লিষ্টতা তার নেই বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, একটি মহল তার আইনজীবী হিসেবে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে। তিনি কোনো অন্যায় বা অপরাধের সঙ্গে জড়িত নন। বহিষ্কারের আগে তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি কিংবা এ বিষয়ে তার বক্তব্য নেওয়া হয়নি। এমনকি আসামিদের আইনগত সহায়তার বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা বা নির্দেশনা দেওয়া হয়েছিল কি না, সে সম্পর্কেও তিনি অবগত ছিলেন না।

অ্যাডভোকেট এম এ রশিদ অভিযোগ করেন, এর আগে আরও তিনটি মামলায় মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আসামিপক্ষে আইনজীবীরা লড়বেন না—এমন সিদ্ধান্ত নেওয়ার পরও অন্য আইনজীবীরা আসামিদের জামিনে সহযোগিতা করেছেন। সে ক্ষেত্রে কোন দলীয় সিদ্ধান্তবিরোধী কর্মকাণ্ড না করলেও শুধু তাকে লক্ষ্য করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া অন্যায় ও বৈষম্যমূলক।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা বিএনপির সদস্য পদ থেকেও তাকে বহিষ্কারের কথা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাকে কিছু জানানো হয়নি। একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে নেওয়া এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

এদিকে, সোমবার মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে দেওয়া এক বহিষ্কারাদেশে দলীয় সিদ্ধান্তবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অ্যাডভোকেট এম এ রশিদকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ জেলা শাখার সব কার্যক্রম থেকে বহিষ্কারের কথা জানানো হয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সদস্যদের তার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. রোকনুজ্জামান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান ও সদস্য সচিব অ্যাডভোকেট তারিকুল ইসলাম কবির।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান এবং ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট তারিকুল ইসলাম কবির বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, অ্যাডভোকেট এম এ রশিদকে ফোরামের সিদ্ধান্তবিরোধী কর্মকাণ্ডে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ জানান, জেলা বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট এম এ রশিদকে বহিষ্কারের কোনো আদেশে হয়নি।এ বিষয়ে তিনি অবগত নন। তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে সেটি তাদের সাংগঠনিক বিষয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা