
মাগুরার চাঞ্চল্যকর শাকের হোসেন হত্যা ও স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়ায় মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ফয়সাল আহমেদ খান।
ইউনিয়নের দপ্তর সম্পাদক মোঃ ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (৪ নভেম্বর) মাগুরার পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে শাকের হোসেন হত্যা ও স্বর্ণ ডাকাতির ঘটনায় মারুফ হোসেনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে জরুরি সভায় তাঁকে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোঃ মারুফ হোসেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না। একই সঙ্গে ইউনিয়নের সদস্যদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
Leave a Reply