
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনায় যুবলীগের নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউইয়র্ক পুলিশ তাকে হাতকড়াসহ আটক করে। মিজানুর রহমান সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। আটক হওয়ার সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং তার সঙ্গে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরাও স্লোগান তোলেন। আগামীকাল বুধবার তাকে আদালতে নেওয়া হবে, এর আগে রাতটি তাকে হাজতে কাটাতে হবে বলে এনওয়াইপিডি সূত্র জানিয়েছে।
এর আগে দুপুরে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা বিলম্বে বাইরে আসার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীরা স্লোগান শুরু করে।
এসময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং ডা. তাসনীম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনাস্থলে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপি কর্মীরা নিরাপত্তা দিতে এগিয়ে আসেন। প্রতিবাদে আখতার হোসেন ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান তোলেন। পরে পুলিশের সহযোগিতায় তারা নিরাপদে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
Leave a Reply