
গাজীপুর মহানগরীর কাশিমপুরে অবস্থিত জি এম এস টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সুলতান মার্কেট এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে প্রথমে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর কারখানার নিজস্ব অগ্নিনিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৩৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে আগুন লাগার খবর পায় তারা। এরপর কাশিমপুর ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরবর্তীতে কোনাবাড়ী ও কাশিমপুর মডার্ন ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। তিনটি ইউনিট যৌথভাবে কাজ করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Leave a Reply