
মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক রাষ্ট্রমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে শালিখা ও মহম্মদপুর উপজেলায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে দলের একটি অংশ। এসব কর্মসূচির নেতৃত্ব দেন এ আসনের সাবেক সংসদ সদস্য ও জিকিউ গ্রুপের মালিক কাজী সালিমুল হক কামাল এবং তার অনুসারিরা।
রবিবার দুপুরের আগে মহম্মদপুর উপজেলার ধোয়াইল ও আউনাড়া বাজার এলাকায় সড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিতাই রায় চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছেন এবং দলে বিভাজন সৃষ্টি করেছেন। তারা তার মনোনয়ন বাতিল করে কাজী সালিমুল হক কামালকে প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এ ছাড়া দুপুর ১২টার দিকে শালিখা উপজেলার সীমাখালি বাজার থেকে কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল র্যালি বের হয়। র্যালিটি শালিখার বিভিন্ন গ্রাম ও বাজার প্রদক্ষিণ করে বুনাগাতি ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে পরিণত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে কাজী সালিমুল হক কামাল বলেন, “নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও এ আসনে বিএনপির অধিকাংশ নেতা-কর্মী তার বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি নিজের একটি গ্রুপকে কেন্দ্র করে দল পরিচালনা করেন, যেখানে জাতীয় পার্টির বহু কর্মী জড়িত। শালিখা ও মহম্মদপুরের ওয়ার্ড পর্যায়ে গঠিত ৫১৩ জন সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তার মনোনয়ন বাতিলের দাবিতে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত আবেদন পাঠিয়েছে। আমরা আশা করছি, কেন্দ্রীয় কমিটি স্থানীয় মানুষের মতামত ও বাস্তবতার প্রতিফলন ঘটাবে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব বিক্ষোভ ও পাল্টা অবস্থানের ফলে মাগুরা-২ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও তীব্র হচ্ছে, যা আসন্ন নির্বাচনে দলের জন্য নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে।
Leave a Reply