
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই তারা এনআইডি নম্বর এবং পরিচয়পত্র হাতে পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) তারা আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন।
বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এ সময় এনআইডির মহাপরিচালক (ডিজি) বলেন, নিবন্ধনের পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য সার্ভারে যাচাই করবে। যদি কোনো তথ্যের সঙ্গে মিল না পাওয়া যায়, তাহলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি নম্বর জেনারেট হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি এনআইডি বা স্মার্টকার্ড সংগ্রহ করা যাবে। এছাড়া নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে, সেখান থেকেও এনআইডি ডাউনলোড করা সম্ভব।
জানা গেছে, ভোটার হওয়ার জন্য তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান অনলাইনে আবেদন ফরম পূরণ করেন। তারা ঢাকা-১৭ সংসদীয় আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।
এর আগে শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হন তারেক রহমান। সকাল ১১টা ২০ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবর সংলগ্ন শহীদ ওসমান হাদির কবরে পৌঁছান। সেখানে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।
নির্বাচন কমিশন ভবন থেকে বের হয়ে পরে তিনি বনানীতে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন।
Leave a Reply