
মাগুরার উন্নয়ন নিয়ে ভাবনা
উন্নয়ন, রাজনীতি ও জনগণের প্রত্যাশা: জনগণের মুখোমুখি মাগুরা দুটি আসনের এমপি পদপ্রার্থীরা । মাগুরায় এই প্রথম
রাজনীতিবিদদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন।
সরষে ভরা মাঠ, বাওড়ে ঘেরা জলাভূমি আর বাউল–ভাটিয়ালির সুরে মোড়া এক মোহনীয় জনপদ আমাদের মাগুরা। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও আন্দোলনের ইতিহাসে এই ছোট্ট জেলা বারবার নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছে। আমরা মাগুরাকে ভালোবাসি, মাগুরাকে নিয়ে স্বপ্ন দেখি কারণ দিনশেষে আমরা সবাই মাগুরাবাসী।
এই ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই দীর্ঘদিন ধরে এস এইচ মিডিয়া অনলাইন ও মাগুরা টক ডিজিটাল মাধ্যমে মাগুরাকে ব্র্যান্ডিং করে আসছে। মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর—এই চার উপজেলার ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, দর্শনীয় স্থান, কবি–সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জীবন ও অবদান আলোকচিত্র, ভিডিও, ড্রোন ডকুমেন্টারি ও টকশোর মাধ্যমে দেশ–বিদেশে ছড়িয়ে থাকা মাগুরাবাসীর কাছে তুলে ধরা হয়েছে।
জাতীয় পর্যায়ের টকশোর ধারাবাহিকতার অনুকরণ নয়, বরং মাগুরার বাস্তবতা ও জনগণের চাহিদাকে সামনে রেখে মাগুরা টক একটি ভিন্নধর্মী প্ল্যাটফর্ম তৈরি করেছে। এখানে রাজনীতিবিদদের একই টেবিলে বসিয়ে সমসাময়িক বিষয়, উন্নয়ন, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে সরাসরি আলোচনা করা হয়। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার পরিচয় দিয়ে রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় এনে সত্যভিত্তিক আলোচনা তুলে ধরা হয়, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি মাগুরাবাসীর কাছেও পৌঁছে গেছে। ফলে অল্প সময়েই মাগুরা টক একটি জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য অনুষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
এরই ধারাবাহিকতায় “মাগুরার উন্নয়ন নিয়ে ভাবনা—জনগণের মুখোমুখি মাগুরার রাজনীতিবিদ” শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দান মাঠে। অনুষ্ঠানে মাগুরা–১ ও মাগুরা–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা, বিভিন্ন সেক্টরের নীতিনির্ধারক, সাংবাদিক সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রাজনীতিবিদদের হাতে সরাসরি তুলে দেওয়া হয় জনগণের প্রত্যাশা, প্রশ্ন ও ভাবনা। কীভাবে উন্নয়নে জনগণের অংশগ্রহণ ও অংশীদারিত্ব নিশ্চিত করা যায়—এই প্রশ্নই ছিল আলোচনার কেন্দ্রে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতের বাস্তব চিত্র উঠে আসে জনগণের প্রশ্ন ও মতামতে।
অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফিনান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, মাগুরার কৃতি সন্তান মোহাম্মদ কায়সার হামিদ লোভন। তাঁর দক্ষ ও ভারসাম্যপূর্ণ পরিচালনায় আলোচনা হয়ে ওঠে প্রাণবন্ত ও গঠনমূলক।
অনুষ্ঠানের উপস্থাপনা ও সামগ্রিক পরিচালনায় ছিলেন সমাজচিন্তক, সংগঠক ও সাংবাদিক শাহিনুর ইসলাম। পুরো আয়োজনটি বাস্তবায়ন করে এস এইচ মিডিয়া অনলাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাগুরা–১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান,মাগুরা–১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এম. বি. বাকের,ইসলামী আন্দোলনের মনোনীত মাগুরা–১ প্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম,ইসলামী আন্দোলনের মনোনীত মাগুরা–২ প্রার্থী মুফতি মোস্তফা কামাল,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মনোনীত প্রার্থী প্রকৌশলী শম্পা বসু,বাংলাদেশ কংগ্রেসের মাগুরা–১ আসনের প্রার্থী এডভোকেট কাজী রেজাউল ইসলাম,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক।
এ সময় জনগণের পক্ষ থেকে মাগুরার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজিসহ নানা বিষয়ে জনপ্রতিনিধিদের সরাসরি প্রশ্নের মুখোমুখি করা হয়। আলোচনায় অংশ নেওয়া সকল প্রার্থী জানান, আগামী নির্বাচনে জয়লাভ করলে তারা মাগুরার সার্বিক উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন এবং জনগণের জন্য কী ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় এক হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন জনগণ কথা বলে এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে। নোমানী ময়দান মাঠের এই জনসমাবেশ সেই অংশগ্রহণমূলক উন্নয়নের একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।
Leave a Reply