
মাগুরা জেলা মিলনায়তনের নাম পরিবর্তন করে “শহীদ মেহেদী হাসান রাব্বি মিলনায়তন” নামকরণের দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, শহীদ মেহেদী হাসান রাব্বি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও ন্যায্য দাবির পক্ষে সাহসী ভূমিকা রেখে আত্মত্যাগ করেছেন। তার এই অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাই তার নামে মাগুরা জেলা মিলনায়তনের নামকরণ করা হলে তা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের শামিল হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্য সচিব মোঃ হোসাইন বলেন,
“শহীদ রাব্বির আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার নামে জেলা মিলনায়তনের নামকরণ হলে ভবিষ্যৎ প্রজন্ম তার আদর্শ সম্পর্কে জানতে পারবে।”
এ সময় শিক্ষার্থীরা দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
Leave a Reply