
মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের একটি বাওড়ে গভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় বাওড়ের ইজারাদার প্রকাশ্যে অবৈধ এয়ারগান প্রদর্শন করে স্থানীয়দের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার ১ লা ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে বাওড়ের পাশেই গভীর নলকূপ স্থাপন নিয়ে স্থানীয়দের সঙ্গে বাওড়ের ইজারাদার মোঃ বেলায়েত আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হলে মোঃ বেলায়েত আলী প্রকাশ্যে একটি অবৈধ এয়ারগান বের করে স্থানীয়দের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।
এ সময় স্থানীয়রা সাহসিকতার সঙ্গে এয়ারগানটি কেড়ে নিলেও অভিযুক্ত বেলায়েত আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুপুর ২টা ২০ মিনিটের দিকে অবৈধ এয়ারগানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি পুনরায় এলাকায় অবস্থান করছেন এমন খবরে নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত বেলায়েত হোসেনের বাড়ি মাগুরা সদরের বারাশিয়া এলাকায় বলে জানা গেছে।
এ বিষয়ে একাধিকবার বেলায়েত হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবৈধ এয়ারগানটি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply