
মাগুরার শ্রীপুর উপজেলায় ভিজিএফ (VGF) চালের উপকারভোগীদের তালিকা করাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে দারিয়াপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদার গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকালে শ্রীপুর উপজেলার গোয়ালদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফ চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে দারিয়াপুর ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবু একই ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদারকে বেধড়ক মারধর করেন।
আহত দিলীপ কুমার মজুমদার অভিযোগ করে বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তিনি ৮০টি ভিজিএফ কার্ড বরাদ্দ পান। এর মধ্যে ৪০টি কার্ড ওয়ার্ড সভাপতির কাছে এবং ৫টি কার্ড আলসাদ পাইলট নামের এক বিএনপি নেতাকে দিয়েছেন।
তিনি আরো বলেন, সকালে আমি চর-গোয়ালদাহ্ কানন সরকারের চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় মতিউর রহমান বাবু ও শ্যামল বিশ্বাসসহ আরো কয়েকজন এসে পাইলটকে কার্ড দেওয়ার কারণ জানতে চান। এ নিয়ে আমাদের মধ্যে হয় কথা কাটাকাটির একপর্যায়ে মতিউর রহমান বাবু আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।”
আহত দিলীপ মজুমদার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযুক্ত মতিউর রহমান বাবুর বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিন মিয়া জানান, অভিযোগ পেয়েছি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply