
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, উলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ০৪ মার্চ মাগুরা জেলা অডিটোরিয়ামে (নোমানী ময়দান সংলগ্ন) আয়োজিত এ ইফতার মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সুধীজনরাও উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে জেলা জামায়াতের আমির মুশতারশেদ বিল্লাহ বাকেরের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমাদের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, জেলা জামায়াতের নায়েবে আমির মো. মাহবুবুর রহমান এবং বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুর রশিদ প্রমুখ।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশের সামগ্রিক উন্নয়ন, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply