
মাগুরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় গুলোতে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মাঠে নেমেছে জেলা পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে তদারকি ও যানজট নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
এ সময় তিনি শহরের প্রধান সড়ক, বাজার এলাকা ও ব্যস্ততম মোড়গুলো পরিদর্শন করে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পুলিশ সদস্যদের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “মাগুরা শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা কাজ শুরু করেছি। সবাইকে এক মাসের মধ্যে নিয়ম-শৃঙ্খলার মধ্যে আসতে হবে। অন্যথায় এক মাস পর থেকে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযান চলাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শিবলী সাদিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে মাগুরা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।
Leave a Reply