
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নবপ্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি, আলোচনা সভা ও পৃথক কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, শ্রমিক নেতা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদেরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ অপরিহার্য।
সভা শেষে ৬ জন অসুস্থ শ্রমিক এবং ৪ জন মৃত শ্রমিকের পরিবারের মধ্যে মোট ৪ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, “মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক সমিতি, দর্জি শ্রমিক সমিতিসহ বিভিন্ন সংগঠন পৃথক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
মহান মে দিবসের এসব আয়োজন শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে নতুন করে প্রেরণা জুগিয়েছে।
Leave a Reply