
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি কথিত গোপন অনলাইন বৈঠকের কথোপকথনের অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। গত ১৬ নভেম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে অনুষ্ঠিত ওই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৈঠকটি বাবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বলে প্রচারিত অডিও ও সংশ্লিষ্ট সূত্রের দাবি।
ছড়িয়ে পড়া অডিওর কথোপকথন অনুযায়ী, বৈঠকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী অংশ নেন। তাঁদের মধ্যে রয়েছেন বাবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, চূড়ারগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাবুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাস্টার।
এ ছাড়া আখশারচর গ্রামের সাবেক ইউপি সদস্য ও যুবলীগ কর্মী হিজবুল আলম, একই গ্রামের বাবুখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহুরুল, বাবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চূড়ারগাতী গ্রামের অচিন্ত, বাঁশো গ্রামের বাসিন্দা ও সাবেক মহম্মদপুর উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলী আহমদ মিন্জ এবং বাবুখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাশরাফি জামান মাহফুজের নাম এসেছে।
প্রচারিত অডিওতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সংশ্লিষ্টদের কথোপকথনে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও পরিকল্পনার বিষয়টিও উঠে এসেছে বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, বাবুখালী ইউনিয়নের এসব নেতাকর্মী নিজ নিজ এলাকায় অবস্থান করেই এ ধরনের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
এ বিষয়ে বাবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এই অডিওটি তার নয় বলে অস্বীকার করেন , তিনি বলেন আমি ওয়াটস অ্যাপ, মেসেঞ্জার কিছুই চালাতে পারি না।
এ ব্যাপারে বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শাহীদ বলেন আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নাই ।সুনির্দিষ্ট কোন তথ্য পেলে অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply