
শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত যোগাযোগ এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে Ad-Din Women’s Medical College (AWMC) Parents Forum আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
শনিবার (২৭ জুন) রাজধানীর মহাখালীর স্কাই লাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক অভিভাবক সমাবেশে ফোরামের আত্মপ্রকাশ এবং আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে কার্যকর যোগাযোগের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। সেই প্রয়োজন থেকেই এই প্যারেন্টস ফোরামের যাত্রা শুরু।
নবনির্বাচিত আহ্বায়ক হাসান মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি সকলকে সঙ্গে নিয়ে নিষ্ঠার সঙ্গে পালন করবেন। অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলো চিহ্নিত করে একটি সুস্পষ্ট ভিশন ও কর্মপরিকল্পনার মাধ্যমে ফোরামের কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি খুব শিগগিরই আদ-দ্বীন কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের একটি সৌজন্য সাক্ষাতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
উপদেষ্টা সৈয়দ মাহবুব মোর্শেদ বলেন, আহ্বায়ক কমিটির প্রধান লক্ষ্য হবে আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সকল অভিভাবককে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে অভিভাবক, শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হয়।
সদস্য সচিব ও সাংবাদিক মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, দেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদেরও এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। সবাইকে নিয়ে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও মানবিক অভিভাবক নেটওয়ার্ক গড়ে তোলাই ফোরামের লক্ষ্য।
তিনি আরও বলেন, “এই অভিভাবক প্ল্যাটফর্ম সময়ের দাবি ছিল। আমরা আদ-দ্বীন পরিবারের পাশে থেকে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যতের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”
ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যতের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সাম্প্রতিক মর্মান্তিক ঘটনায় নিহত শিশুদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রত্যাশাও জানানো হয়।
সভায় উপস্থিত অভিভাবকরা বলেন, বিচার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থী ও রোগীদের স্বার্থ, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
সভায় ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে হাসান মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে মোহাম্মদ শাহিনুর ইসলাম দায়িত্ব পান। যুগ্ম আহ্বায়ক হিসেবে আফিয়া রুবি এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসেন নির্বাচিত হন। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ মাহবুব আলম, মিসেস ইফফাত পারভীন, মনিরুল হাসান ও মো. শফিকুল ইসলাম।
উপদেষ্টা পরিষদে রয়েছেন সৈয়দ মাহবুব মোর্শেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, ইকবাল হোসেন, কামরুজ্জামান এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সভায় সিদ্ধান্ত হয়, আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সকল অভিভাবক এই ফোরামের সদস্য হিসেবে গণ্য হবেন এবং আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
Leave a Reply