
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরার শত্রুজিৎপুর এলাকার বনগ্রাম (ইটের ভাটা) মাঠে জমজমাট ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা, প্রোপ্রাইটর এস এন্ড এস ট্রাভেলস এজেন্সির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
ঈদের পরের দিন শনিবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী নানা আয়োজনে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি দেখতে প্রায় ১০ হাজার উৎসুক জনতা মাঠে ভিড় করেন এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
প্রতিযোগিতার মধ্যে ছিল ক্যারাম বোর্ড, কলা গাছে ওঠা, সাঁতার, হাঁস ধরা, দৌড়, চাড়ি বাইচ, পুরস্কারভিত্তিক খেলা ও বুদ্ধিমত্তা যাচাই প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে ৪০ ইঞ্চি টেলিভিশন প্রদান করা হয়। এছাড়া অন্যান্য প্রতিযোগিতায় ২১ ইঞ্চি টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। বিশেষ করে কলা গাছে ওঠা প্রতিযোগিতায় বিজয়ীকে ২ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা বলেন, এমন আয়োজন এলাকাবাসীর মাঝে আনন্দ ও সম্প্রীতি বাড়ায়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
আয়োজক বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা বলেন, “বর্তমানে তরুণ সমাজ মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে বিকল্পভাবে আনন্দ দেওয়ার চিন্তা থেকেই এই উদ্যোগ। ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতেই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
Leave a Reply