
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন।
তিনি জানান, সন্ধ্যার পর থেকেই এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীপথ সম্পূর্ণ অস্পষ্ট হয়ে যায়। এ অবস্থায় নৌদুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে পদ্মা সেতুসহ বিকল্প সড়কপথ ব্যবহার করে গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
মোঃ সালাহউদ্দিন আরও বলেন, “কুয়াশা ভেদ করে ফেরি চলাচলের মতো কোনো আধুনিক ব্যবস্থা আমাদের নেই। তাই কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।”
ঘাট এলাকায় ফেরি বন্ধ থাকায় যাত্রী ও চালকদের মাঝে ভোগান্তি দেখা দিয়েছে।
Leave a Reply