
চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় গ্রেফতার সবুজ আহমেদের প্রকৃত পরিচয় পাওয়া গেছে। তার নাম সৌমেনুজ্জামান সোমিন। বর্তমানে তিনি ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রেফতারের সময় তিনি তার পরিচয় গোপন করেন।
মামলা সূত্রে জানা গেছে, বিএনপি এবং জামায়েত ইসলামী দলের সদস্যরা দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে গত ২১ জুলাই ভোরে জীবননগর উপজেলার দেহাটি মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের আব্দুর রবের ছেলে জয়নাল আবেদীন (৬৫), জীবননগর পৌর এলাকার পোস্ট অফিসপাড়ার নওয়াব আলীর ছেলে তুহিন আলী (৩৮), ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের মিজানুর রহমান খোকনের ছেলে নাহিদ মিজান বাবু (৩৫) ও একই উপজেলার পোস্ট অফিসপাড়ার মসলেম উদ্দিনের ছেলে সবুজ আহমেদ (৩৪)। তারা ২০২৩ সালের ৩১ অক্টোবর হওয়া বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলার পলাতক আসামী ছিলেন। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
তবে, কোটচাঁদপুর এলাকার একাধিক সূত্রে জানা গেছে, সবুজ আহমেদের প্রকৃত নাম সৌমেনুজ্জামান সোমিন। গত ২০ জুলাই জীবননগর পৌরসভার সাবেক মেয়র নওয়াব আলীর ইটভাটায় ফেনসিডিল সেবন করতে গিয়ে আটক হন সোমিন ও তার বন্ধু নাহিদ। নওয়াব আলীর ছেলে তুহিন আলীর সাথে সোমিনের সখ্যতা রয়েছে। তিনিও নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, সোমিনের নাম গোপন করার বিষয়টি আমরা জানতে পেরেছি। মামলার চুড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় তার নাম সংশোধন করে দেওয়া হবে।
Leave a Reply