
জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, যারা বিএনপি করেন না, তাদের আতঙ্কিত হওয়ার কারণ নাই। বিএনপি সকালে এক কথা, বিকালে আরেক কথা বলে না। বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্টি করা দল।
আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের মধুখালী ঈদগাহ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার নাসির বলেন, গত ১৭ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত পরিবার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। শত নির্যাতনকে উপেক্ষা করে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলকে বুকের ভিতর আগলে রেখেছেন। আর নির্যাতন ও কারাবরণ করে দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবনে যেতে বাধ্য হয়েছেন তারেক রহমান। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি আজ সুসংগঠিত। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোন বৈষম্য থাকবে না। ৩১ দফায় পারে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে এগিয়ে নিতে। তিনি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফরিদপুর-১ আসনে কোনদিন ধানের শীষ বিজয়ী হতে পারে নাই; এইবার সুযোগ দিলে ধানের শীষ-কে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এই আসনটিকে উপহার দিতে চাই। খন্দকার নাসির স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গত ১৭ বছরে অনেক নির্যাতন নিপীড়ন সৈর্য্য করেও আপোষ করিনি, আপনাদের ছেড়ে যায়নি। দলের দুর্দিনে আপনাদের পাশেই ছিলাম, এখনো আছি। দল আমাকে সুযোগ দিলে সর্বপ্রথমেই আমি তিন উপজেলার নির্যাতিত পরিবারকে নিয়ে কাজ করবো। তিনি বলেন, আপনারা সুসংগঠিত ভাবে কাজ করুন। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষ-কে বিজয়ী করতে মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করুন।
মধুখালী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি শাহবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা বাকি, সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, সমাবেশে ৮৮ বছর বয়াসী গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামের আবু সাঈদ ওরফে বাগান নামে এক কৃষককে ধানের শীষের তৈরি টোপর মাথায় বসে থাকতে দেখা যায়। এ সময় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমি জিয়াউর রহমানকে ভালবেসে এই দল করি। সেই সময় থেকে আমি ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবে কাজ করছি।
এর আগে দুপুর ৩টা থেকে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে মিলিত হয়। সমাবেশে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মীদের ঢল নামে।
Leave a Reply