
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের দাশনা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আইয়ুব মোল্যা (৫২) নামে একজন নিহত হয়েছেন। তিনি দাশনা গ্রামের বাসিন্দা এবং মৃত খালেক মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সামাজিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আইয়ুব মোল্যার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দাশনা গ্রামে দীর্ঘদিন ধরেই স্বপন মোল্যা এবং আতর আলীর নেতৃত্বে দুটি পক্ষের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এই সামাজিক দ্বন্দ্বের সূত্র ধরেই সোমবারের হামলার ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, “ঘটনার পর থেকেই এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতের খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনা সদস্যদের সহায়তায় এলাকায় টহল জোরদার করা হয়েছে।”
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি এখনও নজরদারির মধ্যে রয়েছে।
Leave a Reply