
মাগুরায় ২০১৫ সালের আলোচিত মঘির ঢালে পেট্রোল বোমা হামলার মামলায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বুধবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হন। মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০১৫ সালের ২১ মার্চ মাগুরা সদর উপজেলার মঘির ঢাল এলাকায় এক পেট্রোল বোমা হামলায় পাঁচজন বালু শ্রমিক নিহত ও আরও চারজন গুরুতর আহত হন। চাঞ্চল্যকর এই ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির বর্তমান জেলা আহ্বায়ক আলী আহমেদ, যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হকসহ মোট ২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিএনপি নেতারা অভিযোগ করেছেন, এই মামলায় তাদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তারা দাবি করেন, ঘটনার দিন বিএনপির কোনো কর্মসূচি ছিল না, তাই এই হামলার সাথে দলটির কোনো সংশ্লিষ্টতা নেই।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তাদের দমন-পীড়নের অংশ হিসেবে এই মামলা সাজিয়েছে। তিনি আরও জানান, আদালতের শুনানিতে তারা তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং ভবিষ্যতে ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন।
এদিকে, যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন উল্লেখ করেন, ঘটনাটি নিঃসন্দেহে ভয়াবহ হলেও, তার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই তাদের এই মামলায় জড়ানো হয়েছে। নয়নের বিশ্বাস, আদালত তাদের নির্দোষ হিসেবেই বিবেচনা করবে।
এ যড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদে সকাল সাড়ে ১১ টায় আদালত এলাকায় সমাবেশ করেছে মাগুরা জেলা বিএনপি ও আর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply