
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে বাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৯ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বিভিন্ন দাবি-দাওয়ার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বাসদ মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস। বক্তৃতা করেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ। শুভেচ্ছা বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য ও শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাসদ মাগুরা জেলা শাখার সদস্য সচিব ভবতোষ বিশ্বাস জয়।
প্রধান বক্তা কমরেড নিখিল দাস বলেন, স্বাধীনতার পর বহু আন্দোলনে স্বৈরশাসন উৎখাত হলেও নেতৃত্বের দুর্বলতায় তার সুফল জনগণ পায়নি। তিনি অভিযোগ করেন, ’২৪-এর গণ–অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার শ্রমিক-কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত না করে এখনো অপ্রয়োজনীয় বিতর্কে ব্যস্ত। চাকরির নিরাপত্তা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, দ্রব্যমূল্যের লাগাম টানা, বেকারত্ব ও স্বাস্থ্যখাতে ব্যয়ের লাগাম—কোনো ক্ষেত্রেই কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।
তিনি আরও বলেন, দেশে লুটপাট ও দুঃশাসন স্বৈরশাসনের সময়ের মতোই বাড়ছে। পাশাপাশি চট্টগ্রামসহ তিনটি বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রচেষ্টা জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। কথিত মানবিক করিডোর, অস্ত্র কারখানা ও মহাকাশ যোগাযোগ বিষয়ক চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে বলেও বক্তারা দাবি করেন।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও উদ্বেগজনক বলে তারা মন্তব্য করেন। বক্তারা ভোটাধিকার রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন তফসিল ঘোষণার দাবি তোলেন।
বক্তারা আরও স্মৃতিচারণ করেন ১৯১৭ সালের সমাজতান্ত্রিক বিপ্লবের কথা, যা শ্রমিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ার দৃষ্টান্ত স্থাপন করে। মাত্র ১৫ বছরের মধ্যে সোভিয়েত রাষ্ট্র শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও অর্থনীতিতে বিশ্বশক্তিতে পরিণত হয়—যা আজও নিপীড়িত মানুষের সংগ্রামে প্রেরণা যোগায়। ’৭১, ’৯০ ও ’২৪ সালের আন্দোলনে বাংলাদেশও সেই ন্যায্য সমাজের স্বপ্ন দেখেছে, কিন্তু নেতৃত্ব সংকটে প্রতিবারই লুটেরা গোষ্ঠী আন্দোলনের ফসল ছিনিয়ে নিয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।
সভায় কয়েকটি স্থানীয় দাবিও তুলে ধরা হয়—
মাগুরায় কৃষিভিত্তিক শিল্প কারখানা নির্মাণ করে বেকারত্ব দূর করা
মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ
সদর হাসপাতালে সিটি স্ক্যান, ইসিজি, আইসিইউ ইউনিট, যথেষ্ট ডাক্তার-নার্স নিয়োগ
জেলা স্বাস্থ্যসেবাকে সম্পূর্ণ সরকারিভাবে মানসম্মত ও কার্যকর করা
সমাবেশ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে বাসদের প্রার্থী প্রকৌশলী শম্পা বসুকে ‘মই’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রধান বক্তা নিখিল দাস।
Leave a Reply