
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দ ভিজিএফ (VGF) চাউল বিতরণে মাগুরায় ভয়াবহ অনিয়ম, স্বজনপ্রীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত হতদরিদ্রদের বঞ্চিত করে মোট বরাদ্দের প্রায় ৪০ শতাংশ চাউল নিজেদের পছন্দের লোকদের মধ্যে বিতরণ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
সরকারি এই কর্মসূচির আওতায় মাগুরার মহম্মদপুর উপজেলায় মোট ৪৩৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়, যেখানে প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। তবে বাস্তবে অনেক ক্ষেত্রেই উপকারভোগীরা পেয়েছেন মাত্র ৬ থেকে ৭ কেজি চাল এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদে মোট ৫ হাজার ৯৪৫টি কার্ডের মধ্যে প্রায় ২ হাজার ২০০টি কার্ড রাজনৈতিক নেতাদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। চাল বিতরণের সময় একাধিক ব্যক্তিকে বস্তা মাথায় বা ভ্যানে করে একাধিক বস্তা চাল নিয়ে যেতে দেখা গেছে, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয়দের অভিযোগ, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান ফয়েজ, সাবেক সভাপতি বাকির বিশ্বাস এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সৌজন সাহা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের অনুসারীদের মধ্যে কার্ড ও চাউল বিতরণ করেছেন। ফলে প্রকৃত দরিদ্ররা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন
বিএনপি নেতা ফয়েজুর রহমান ফয়েজ।
এদিকে, রাজনৈতিক নেতাদের মাধ্যমে ২ হাজার ২০০টি কার্ড বিতরণের বিষয়টি স্বীকার করেছেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মেজবাউল ইসলাম হামিদ।
অন্যদিকে, মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। সেখানে অর্ধশতাধিক কার্ডধারী চাল না পেয়ে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ করেছেন। এছাড়াও মাগুরা জেলার বেশ কয়েকটি ইউনিয়নে চাউল বিতরণে অনিয়ম ও প্রকৃত কারধারীদের চাল না পাওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগের ভিত্তিতে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহনুর জামান জানিয়েছেন, স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্যসহ মোট ১৩ জনকে আসামি করে ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং অভিযান পরিচালনা করে মহম্মপুর উপজেলার নোহাটা বাজারের একটি দোকান থেকে তিন টন ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়েছে।
ভিজিএফের মতো একটি মানবিক কর্মসূচিতে অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply