
মাগুরায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। জব্দ করা গাড়িটির আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ট্রাক টার্মিনালের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীপুর উপজেলার ঘাষিয়াড়া গ্রামের বাদশা মল্লিকের ছেলে কামরুল মল্লিক (৩৩), সদর উপজেলার কুকনা গ্রামের শহর আলী বিশ্বাসের ছেলে আজাদ বিশ্বাস (৩৫), সাজিয়াড়া গ্রামের হালিম বিশ্বাসের ছেলে জুয়েল (৩৬) এবং কাদিরাবাদ গ্রামের আকবর মোল্যার ছেলে ফুলমিয়া মোল্যা (৪১)।
জেলা ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানান, অভিযানের সময় কামরুল মল্লিকের প্যান্টের ডান পকেট থেকে ১২৫ পিস, আজাদ বিশ্বাসের পকেট থেকে ১০০ পিস, জুয়েলের পকেট থেকে ৪০ পিস এবং ফুলমিয়া মোল্যার প্যান্টের বাম পকেট থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩০ গ্রাম।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-খ ১২-৮১৭৯ নম্বরের সাদা রঙের একটি টয়োটা প্রোবক্স প্রাইভেটকার ফুলমিয়া মোল্যার হেফাজত থেকে জব্দ করা হয়েছে। গাড়িটির আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply