মাগুরা পৌর বিএনপির কাউন্সিল সম্পন্ন: কিজিল–সুমন নেতৃত্বে নতুন সূচনা
আজকের মাগুরা ডেস্ক
আপডেট সময় :
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
১০৭
বার পঠিত
মাগুরা পৌর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক কাউন্সিল–২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাগুরা আদর্শ কলেজ প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬৩৫ জন কাউন্সিলর এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও শ্লোগানে পুরো প্রাঙ্গণ পরিণত হয় উৎসবে। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হলে উপস্থিত নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন।
সভাপতি পদে মাসুদ হাসান খান কিজিল (আনারস প্রতীক) ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) পান ২৭১ ভোট। বাতিল ভোটের সংখ্যা ছিল ৪টি।
সাধারণ সম্পাদক পদে মুন্সী আঞ্জুম হাসান সুমন (চেয়ার প্রতীক) ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ হাসান খান (কাপ–পিরিচ প্রতীক) পান ১৭৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক–১ পদে কাজী মাজহারুল হক উৎপল (ঘুড়ি প্রতীক) ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাংগঠনিক সম্পাদক–২ পদে মো. উজ্জ্বল হোসাইন (টিউবওয়েল প্রতীক) ১৬৮ ভোট পান।
নির্বাচন পরিচালনা করেন মাগুরা আদর্শ কলেজের শিক্ষকবৃন্দ। প্রিজাইডিং অফিসার ছিলেন মো. শাহাজাহান মৃধা বাবলু এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মো. কবিরুল বাশার। সারাদিনের ভোটগ্রহণ প্রক্রিয়া তদারক করেন বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
ফলাফল ঘোষণার পর জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন,
“আজকের এই নির্বাচন প্রমাণ করেছে বিএনপি এখনো তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী একটি সংগঠন। নতুন নেতৃত্বের মাধ্যমে মাগুরা পৌর বিএনপিতে নতুন প্রাণ সঞ্চার হবে।”
জেলা আহ্বায়ক কমিটির সদস্য আকতার হোসেন বলেন,
“এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রত্যাশা করি একটি কর্মীবান্ধব, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ কমিটি গঠিত হবে।”
জেলা বিএনপির নেতা পিকুল খান বলেন, “দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই—এটাই বিএনপির শক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন।”
দিনভর নেতাকর্মীদের ভিড়, শ্লোগান ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে পুরো এলাকায় তৈরি হয় প্রাণবন্ত রাজনৈতিক আবহ।
কিজিল–সুমন–উৎপল নেতৃত্বের নির্বাচনে দলীয় নেতাকর্মীদের মাঝে এখন উচ্ছ্বাস ও আশাবাদ।
তৃণমূল নেতাদের ভাষায়,
“এই কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বে সংগঠন আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও গণমানুষের সঙ্গে সম্পৃক্ত হবে।”
Leave a Reply