
মাগুরা স্পোর্টস একাডেমির কার্যক্রমের উদ্বোধন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা দাবি
মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলা স্টেডিয়ামে শনিবার (১১ এপ্রিল) বিকেলে মাগুরা স্পোর্টস একাডেমির ক্রিকেট, ফুটবল ও বাস্কেটবল একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ।
মাগুরা স্পোর্টস একাডেমির সভাপতি মো. ফারুকুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আমিনুর রহমান খান পিকুল, জেলা বিএনপির সদস্য কুতুবউদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মাগুরার ক্রীড়াঙ্গনের বিদ্যমান সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাগুরায় ক্রীড়ার পরিবেশ উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। জেলা পর্যায়ে মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রম চালু হওয়ায় নতুন প্রতিভা তৈরি হবে বলে আমি আশাবাদী।”
উদ্বোধকের বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ বলেন, “একটি সংগঠিত ও পরিকল্পিত একাডেমি কার্যক্রম জেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অবকাঠামোগত উন্নয়ন ও মাঠসংক্রান্ত সমস্যা সমাধানে জেলা পরিষদ সহযোগিতা করবে।”
সভাপতির বক্তব্যে মো. ফারুকুজ্জামান বলেন, “মাগুরার তরুণদের জন্য একটি আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ ক্রীড়া প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা ধাপে ধাপে বিভিন্ন খেলার প্রশিক্ষণ চালু করে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস একাডেমি হিসেবে গড়ে উঠতে চাই।”
অনুষ্ঠানে মাগুরা স্পোর্টস একাডেমির নির্বাহী পরিচালক কাজী আশিক রহমান জানান, প্রথম ধাপে ক্রিকেট, ফুটবল ও বাস্কেটবল কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে ভলিবল, ব্যাডমিন্টন, লন টেনিস, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলার প্রশিক্ষণ চালু করা হবে। পাশাপাশি ইনডোর স্টেডিয়ামে বহুমুখী খেলার সুযোগ সৃষ্টি, শহরের মাঠগুলো সংস্কার এবং প্রতিটি উপজেলায় ফুটবল ও ক্রিকেটের জন্য পৃথক মাঠ তৈরির দাবি জানানো হয়।
এদিকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সকালে মাগুরা স্পোর্টস একাডেমি ও যশোর ক্রিকেট কোচিং সেন্টারের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ২২ রানে জয় লাভ করে মাগুরা স্পোর্টস একাডেমি। ম্যাচ শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং ম্যান অব দ্য ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply