
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জাল ছাড়াই ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। মাছটি স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। কেজিপ্রতি ৭৫০ টাকা দরে মাছটি কিনে নেন এক স্থানীয় মাছ বেপারি।
শুক্রবার বিকেল ৩টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় জেলে আনোয়ার হোসেন নদীতে জাল ফেলতে গেলে নদীর কিনারায় ভেসে ওঠা একটি সাদা বস্তুর মতো কিছু দেখতে পান। কাছে গিয়ে দেখেন সেটি একটি বিশাল আকৃতির কোরাল মাছ। তাৎক্ষণিকভাবে মাছটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি এবং সঙ্গে থাকা মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করেন।
পরে বড় ভাই সিরাজের সহযোগিতায় মাছটি কাঁধে করে স্থানীয় বাজারে নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় করে। সেখানে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি হয়।
জেলে আনোয়ার হোসেন (২৮) বলেন,
“মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। অভাবের সময় বিনা জালে নদীতে ভাসতে থাকা এত বড় কোরাল মাছ পাওয়াটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক।”
তার বড় ভাই সিরাজ বলেন,
“এত বড় মাছ পেয়ে আমরা খুবই আনন্দিত। বাজারে নিয়ে এলে মানুষজন ভিড় করে মাছটি দেখতে আসে।”
স্থানীয় সূত্রে জানা যায়, জেলে মো. আনোয়ার হোসেন বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. আব্দুল গনির ছোট ছেলে।
Leave a Reply