1. admin@samokalbarta.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা পৌরসভায় ট্রেড লাইসেন্স ফি ও পৌরকর অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন মাগুরায় ৩০০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ ডেলমন্ট অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, মাগুরায় ১৬ লাখ টাকা হারিয়ে দিশেহারা সাখাওয়াত মহাসড়কের ছিটকে আসা পাথরে চোখ হারালেন ইজিবাইক মেকার কামরুল, ঠিকাদারের অবহেলার অভিযোগ মাগুরায় আ.লীগ নেতাকর্মীদের গোপন বৈঠকের অডিও ফাঁস, শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনার অভিযোগ সাহসিকতার সাথে নিজেই বোম সাদৃশ্য বস্তুটি অপসারণ করলেন ওসি তদন্ত আবু বকর বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা। ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি

মাগুরা পৌরসভায় ট্রেড লাইসেন্স ফি ও পৌরকর অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মাগুরা পৌরসভার ট্রেড লাইসেন্স ফি, উৎসে কর ও পৌরকর অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন পৌর এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা। একই সঙ্গে বর্ধিত কর ও ফি প্রত্যাহার, নাগরিক সেবার মান উন্নয়ন এবং পৌরসভার আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মাগুরা পৌরসভার সামনে ‘মাগুরা পৌরবাসী’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাগুরা পৌরসভায় ট্রেড লাইসেন্স ফি এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে, যা তাঁদের কাছে অযৌক্তিক ও অতিরিক্ত আর্থিক বোঝা হিসেবে দেখা দিয়েছে। তাঁদের দাবি, এভাবে কর ও ফি বৃদ্ধির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
বক্তারা আরও অভিযোগ করেন, পৌরসভার হোল্ডিং ট্যাক্স বা পৌরকর কোনো কোনো ক্ষেত্রে আগের তুলনায় ২০০ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে বিশেষ করে সীমিত আয়ের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ পৌরবাসী চরম আর্থিক চাপে পড়েছেন। নাগরিকদের সঙ্গে আলোচনা না করে এবং নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা অবস্থায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌরবাসী নিয়মিত পৌরকর, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য কর পরিশোধ করলেও বিনিময়ে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাচ্ছেন না। শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও যানজটের সমস্যা রয়েছে। মশা নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় মশার উপদ্রব বাড়ছে। পাশাপাশি পৌরসভার অনেক সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর অন্ধকারে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের আশঙ্কাও বাড়ছে বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, পৌরসভার রাজস্ব আদায়ের অন্যতম উৎস হচ্ছে পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি। অথচ এসব অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তাঁদের অভিযোগ, পৌরসভার নিজস্ব আয় থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে পর্যাপ্ত অর্থ ব্যয় করা হচ্ছে না। বরং এ অর্থের বড় অংশ কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ব্যয় হচ্ছে বলে তাঁদের ধারণা। এমনকি অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও লুটপাটের অভিযোগও তোলেন বক্তারা।
তাঁদের দাবি, মাগুরা পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ ও অনুদানের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। সে ক্ষেত্রে পৌরবাসীর কাছ থেকে আদায় করা রাজস্বের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তার পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন।
মানববন্ধনে পৌর প্রশাসকের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাঁদের অভিযোগ, বর্তমান পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি পৌরসভার কর্মচারী আনিসুজ্জামানকেও তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে দুই দফায় লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বক্তারা প্রশাসকের আচরণ ও দায়িত্ব পালনের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলেও পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত পৌর প্রশাসকের একক সিদ্ধান্তে নেওয়া হচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে ব্যবসায়ী প্রতিনিধি ও সাধারণ পৌরবাসীর সঙ্গে আলোচনা করা এবং তাঁদের মতামত নেওয়া উচিত বলে মনে করেন বক্তারা।
মানববন্ধন থেকে বর্ধিত ট্রেড লাইসেন্স ফি, ১৫ শতাংশ ভ্যাট ও অস্বাভাবিক পৌরকর পুনর্বিবেচনা করে সহনীয় পর্যায়ে নির্ধারণ, কর আদায় ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ, নাগরিক সেবা নিশ্চিত করা এবং পৌরসভার সব ধরনের আর্থিক সিদ্ধান্তে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পৌরবাসীর ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে যথাযথ নাগরিক সেবা নিশ্চিত না ,করলে তাঁদের আন্দোলন আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা