
মাগুরা জেলা পরিষদের অর্থায়নে অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার ৩৮টি বিদ্যালয়ের মোট ২৭০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষা সহায়তা সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে ব্যাগ ও টিফিন বক্স, মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে ব্যাগ, টিফিন বক্স ও জুতা এবং ৩০ জন মাধ্যমিক শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমরা আশা করি, এই শিক্ষার্থীরাই একদিন দেশের হাল ধরবে। তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পড়াশোনায় মনোযোগী হয় এবং শিক্ষার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যায়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম ও প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুজ্জামান খান প্রমুখ।
প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, “গাছকে যেমন যত্নে লালন করলে ফুল ও ফল পাওয়া যায়, তেমনি শিক্ষার্থীদের যত্নে গড়ে তুললে তারা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে। সুন্দর দেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার্থীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে আনন্দঘন পরিবেশে অংশ নেন।
Leave a Reply