
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় এ অভিযানে নেতৃত্ব দেয়। অভিযানে সহায়তা করে জেলা বীজ প্রত্যয়ন অফিস, উপজেলা কৃষি অফিস শ্রীপুর এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
অভিযানে প্রথমে মেসার্স কামাল বীজ ভান্ডার-এ তদারকি করে দেখা যায়, প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়াই বীজ ক্রয়-বিক্রয় করছে এবং আমদানিকারকের ট্যাগবিহীন ও অননুমোদিত বীজ বিক্রি করছে। এছাড়া, অধিক দামে বীজ বিক্রয় এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব কামাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মেসার্স ইভা এন্টারপ্রাইজ নামক বিসিআইসি সার ডিলারের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং ভাউচার সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো: জাফর আলী বিশ্বাসকে আইনটির ৪০ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারের অন্যান্য খাদ্যপণ্য, মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। সকল প্রতিষ্ঠানকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সুশান্ত কুমার তরফদার, শ্রীপুর উপজেলা কৃষি অফিসার জনাব হুমায়ন কবির এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
Leave a Reply