
মাগুরার শ্রীপুর উপজেলায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
সোমবার (০৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয় এবং সেখানেই অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জী। আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা সমবায় অফিসার শামীমা জামান, অতিরিক্ত কৃষি অফিসার নাহিদ সুলতানা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা প্রবীণদের অধিকার, সম্মান ও সুরক্ষা বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সমাজে প্রবীণদের অবদানের কথা তুলে ধরেন।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উপলক্ষে সকল প্রবীণ নাগরিককে শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রবীণরা আমাদের সমাজের অভিভাবক, তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান সমাজকে আলোকিত করে। তাঁদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।”
দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে প্রবীণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
Leave a Reply