
মাগুরা পৌর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (৮ অক্টোবর) মাগুরা আদর্শ কলেজ প্রাঙ্গণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৬৩৫ জন কাউন্সিলর এই নির্বাচনে ভোট প্রদান করেন। সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মাসুদ হাসান খান কিজিল ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের আশরাফুল ইসলাম পেয়েছেন ২৭১ ভোট। মোট ৪টি ভোট বাতিল হয়েছে।
সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীকের মুন্সী আঞ্জুম হাসান সুমন ২৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের মো. ফরিদ হাসান খান পেয়েছেন ১৭৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক (১) পদে ঘুড়ি প্রতীকের কাজী মাজহারুল হক উৎপল ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক (২) পদে টিউবওয়েল প্রতীকের মো. উজ্জ্বল হোসাইন পেয়েছেন ১৬৮ ভোট।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন মাগুরা আদর্শ কলেজের শিক্ষকরা। প্রিজাইডিং অফিসার ছিলেন মো. শাহাজাহান মৃধা বাবলু এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো. কবিরুল বাশার।
ফলাফল ঘোষণার পরপরই উপস্থিত নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, “আজকের এই নির্বাচন প্রমাণ করেছে বিএনপি এখনো তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী একটি সংগঠন। নতুন নেতৃত্বের মাধ্যমে মাগুরা পৌর বিএনপিতে নতুন প্রাণ সঞ্চার হবে।”
জেলা আহ্বায়ক কমিটির সদস্য আকতার হোসেন বলেন, “এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রত্যাশা করি একটি কর্মীবান্ধব, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ কমিটি গড়ে উঠবে।”
জেলা বিএনপির আরেক নেতা পিকুল খান বলেন, “দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই এটাই বিএনপির শক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন।”
দিনভর চলা এই আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ, স্লোগান, আনন্দ মিছিল এবং মিলনমেলা। কিজিল-সুমন-উৎপল নেতৃত্ব নির্বাচিত হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে এখন বিরাজ করছে নতুন আশার সঞ্চার।
তৃণমূল নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বে সংগঠন হবে আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও গণমানুষের সঙ্গে সম্পৃক্ত।”
Leave a Reply