
বাংলাদেশের প্রথম শরীয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে এস আলম গ্রুপের দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরা। সোমবার সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এ সকল নিয়োগ বাতিল করে একটি স্বচ্ছ, বৈষম্যমুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালুর আহ্বান জানান তারা, যাতে দেশের অন্যান্য জেলার মেধাবী ও যোগ্য প্রার্থীরা সমান সুযোগ পান।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের ভাবমূর্তি নষ্টের পেছনে এস আলম গ্রুপের অস্বচ্ছ ও দুর্নীতিপূর্ণ ভূমিকা রয়েছে। তারা অভিযোগ করেন, ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যার পেছনে এস আলম ও তার ঘনিষ্ঠ মহলের সম্পৃক্ততা রয়েছে।
বক্তারা সরকারকে ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এস আলমসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরার আহ্বায়ক ও ব্যাংকের বিনিয়োগ গ্রাহক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক ইবরাহিম বিশ্বাস, সদস্য সচিব ফারুক হোসাইন, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, প্রণয় কুমার ও সাখাওয়াত হোসাইন।
এছাড়া বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাফুয়ান আফিফ শাওন, আজিজুর রহমান ও মাহাদি বিন কামাল।
বক্তারা ইসলামী ব্যাংককে “এস আলমের দোসরমুক্ত” করে দেশের জনগণের আস্থা ফিরিয়ে আনা ও শরীয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার মূল চেতনা পুনরুদ্ধারের জোর দাবি জানান।
Leave a Reply