
মাগুরা প্রতিনিধি
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল, ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা শহরের জামরুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাগুরা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান চলাকালে স্থানীয় খাদ্যপণ্য, মুদি দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। এসময় মেসার্স ভাই ভাই স্টোর নামক প্রতিষ্ঠানে নকল, ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটির মালিক বিপুল সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মামুন স্টোর নামের প্রতিষ্ঠানের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে মোট দুইটি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিরোধী বিভিন্ন অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Leave a Reply