“বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” এই প্রতিপাদ্যে আজ মাগুরায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে জেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, ডেইরী উন্নয়ন প্রকল্পের বিভিন্ন স্তরের লোক ও পশু খামারের মালিক, কর্মচারী অংশগ্রহন করে। র্যালী শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মিহির কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসাইন, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার জহুরুল আলম ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিশ্ব দুগ্ধ দিবস উদ্যাপন উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply